পদোন্নতিজনিত কারণে বদলি হয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলা ইউএনও। জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ জুলাই) শেষ কর্ম দিবস করেছেন তিনি। কিন্তু কিছু জরুরী কাজ ও কিশোরগঞ্জ সদরে যশোদল আশ্রয়ন প্রকল্পের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য তিনি নতুন কর্মস্থলে যোগদান করতে বিলম্ব করেছেন।
শনিবার (৩১ জুলাই) বিকেলে সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের উদ্যোগে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল কাদির মিয়াকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মামুন আল মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল কাদির মিয়া।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক, সদরের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, সদর উপজেলা কৃষি অফিসার মো. জামাল উদ্দিন, কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এবি সিদ্দিক খোকা, সাধারণ সম্পাদক মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো. মনসুর আলী প্রমুখ।
বিদায়ী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার জেডএ শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে বিদায়ী অতিথি ইউএনও মোঃ আব্দুল কাদির মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।
সম্প্রতি তিঁনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে মুন্সীগঞ্জ জেলায় বদলি হয়েছেন। গত ২০১৯ সালের ১৬ জুন কিশোরগঞ্জ সদর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে মো. আব্দুল কাদির মিয়া যোগদান করেছিলেন।