কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে সহকারী চালক কাউসার আহমেদ নামে একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব পৌর শহরের লক্ষীপুর এলাকা অতিক্রম করার সময় কে বা কারা চলন্ত ট্রেনে আচমকা পাথর নিক্ষেপ শুরু করে।
এসময় পাথরের আঘাতে ইঞ্জিন কামরায় জানালার কাচ ভেঙে সহকারী ট্রেন চালক কাউসার আহমেদের দুচোখেই কাচবিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হন। এছাড়াও এসময় বেশ কয়েকটি যাত্রীবাহী কামরায় দুর্বৃত্তদের ছুড়া পাথর আঘাত হানে বলেও জানা যায়। ঘটনার কয়েক মিনিটের মাথায় ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি দিলে আহত সহকারী ট্রেন চালক কাউসার আহমেদকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ওই ট্রেনে করেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার একটি চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে ১৫জনকে আটক করে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। তবে আটকৃত কেউই পাথর নিক্ষেপের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন নি। ফলে পরদিন (আজ শুক্রবার) সকালে মুচলেকা রেখে আটকৃতদেরকে ছেড়ে দেওয়া হয়।
এবিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের নির্দিষ্ট কারণ জানা যায়নি। কারণ খুজতেই ১৫ জনকে আটক করা হয়েছিল। তবে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। পরে মুচলেকা রেখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এবেপারে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন তিনি।