ভৈরবে মাদক বিরোধি পৃথক অভিযান চালিয়ে ৮জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। এছাড়াও অভিযানে ৬০লিটার দেশীয় চোলাই মদ ও ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটকৃতরা হলেন, চোলাই মদ ব্যবসায়ী ভৈরব উপজেলার আগানগর গ্রামের কাদির মিয়ার ছেলে মোঃ সোহরাব মিয়া (৩০), পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সাইদুর ইসলাম রানা (৪৫), একই এলাকার আঃ রউফের ছেলে মনির মিয়া (৫০), চন্ডিবের গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে মোকলেছ (৪০), কালিপুর গ্রামের মৃত আবু সাদেক মিয়ার ছেলে মাহীন মিয়া (৪১), নরজিসংদী জেলার চরমাধবদী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মোঃ মনির হোসেন (৫১) এবং ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী ভৈরবের শম্ভপুর গ্রামের আবু সিদ্দীক উরফে মনা মিয়ার ছেলে মোঃ আঃ রহিম উরফে মোহন (২৬) ও গোছামারা গ্রামের হাসান আলীর ছেলে নূর মোহম্মদ (৩০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫অক্টোবর সন্ধ্যায় ভৈরব পৌর শহরের হরিজন পল্লী (নাটালমোড়) ও উপজেলার মেন্দীপুর গ্রামে একই সময়ে দুটি পৃথক অভিযান চালানো হয়। গভীর রাত পর্যন্ত চলমান থাকা এই অভিযানে ৬০লিটার চোলাই মদসহ ৬জন ও ৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন, মোট আটজন মাদক কারবারিকে আটক করেন র্যাব সদস্যরা। পরবর্তীতে আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এসব তথ্য নিশ্চিত করেন। এছাড়াও মাদক নিমূর্লে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।