‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পালিত হয়েছে শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটি।
সকাল সাড়ে ১০টার দিকে পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌরসদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের মর্যাদা ও দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল আমিন মাস্টারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মো.শারফুল ইসলাম, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার উদ্দিন মানিক, মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক আবুল কাশেম বিপ্লব, হাজী জাফর আলী ডিগ্রি কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, চরকাওনা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
উপজেলা পর্যায়ে শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বৈষম্যহীন শিক্ষা বাস্তবায়নের দাবী জানান।