কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আব্দুল্লাহ (১৬) নামের এক চোরকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে চুরিকৃত মালামাল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার চিলাকাড়া এলাকা থেকে চোরাই মালামালসহ চোরকে গ্রেপ্তার করা হয়। আব্দুল্লাহ কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ এলাকার বজলু মিয়ার ছেলে। এ সময় তার সঙ্গীয় চোর একই এলাকার আবুল হাসিমের ছেলে রুহুল আমিন (২২) পালিয়ে যায়।
মামলা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে উপজেলার কোদালিয়া উত্তরপাড়া বাইতুল করিম মসজিদের স্টোর রুম থেকে একটি পানির মোটর চুরি করে ভ্যানগাড়ি যোগে পালিয়ে যাচ্ছিল চোর আব্দুল্লাহ। বিষয়টি স্থানীয় কয়েকজন টের পেয়ে অটোরিকসা যোগে চোরকে ধাওয়া করে। পরে চিলাকাড়া এলাকার গ্রামবাসির সহযোগিতায় চোরকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে চোরাই মালামালসহ চোরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত চোরকে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মধ্যে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।