পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচি উপলক্ষে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণের নেতাদের ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব দেয়া হয়েছে।
শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা জেলা কেরানিগঞ্জ উপজেলা নিজ ইউনিয়ন অংশ নেবেন। আব্দুল মঈন খান নরসিংদী জেলা পলাশ উপজেলা জিনারদি ইউনিয়ন অংশ নেবেন।
নজরুল ইসলাম খান জামালপুর জেলা ইসলামপুর উপজেলা কুমার কান্দি ইউনিয়ন অংশ নেবেন।
তবে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকায় অবস্থান করবেন। বিএনপি মহাসচিব চিকিৎসার জন্য সিঙ্গাপুর আছেন।
এছাড়াও বিএনপি ভাইস-চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিল সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মন্ডলী সদস্য, নির্বাহী কমিটি সদস্য এবং অঙ্গ সংগঠন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাবেক এমপি প্রত্যেকই নিজ এলাকায় পদ যাত্রায় অংশ নেবেন বলে জানান শায়রুল।