কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে রাতের আঁধারে বাড়িঘর ও ফসলি জমি থেকে সেচের টিউবওয়েল (নলকূপ) ও শ্যালো পাম্প মেশিন চুরির হিড়িক পড়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে অহরহ এ চুরি হচ্ছে। একমাসে পাঁচটি গ্রামে প্রায় ৫০টি টিউবওয়েল ও চারটি হাওর থেকে ২০টি শ্যালো পাম্প মেশিন চুরির খবর পাওয়া গেছে। দিনের পর দিন চোরের এমন উপদ্রবে আতঙ্কে রয়েছেন উপজেলাবাসী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ষাইটধার সাহা পাড়া ও শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম, নিকলীর বড় হাওড় থেকে টিউবওয়েল চুরি হয়। রাতের আঁধারে চোর চক্র বাড়ির টিউবওয়েলের মাথা খুলে নিয়ে গেছে।
নিকলী সদর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ জামাল উদ্দিন বলেন, আমার ওয়ার্ডে এক মাসে অসংখ্য বাড়ি ও জমি থেকে টিউবওয়েল ও শ্যালো মেশিন নিয়ে গেছে চোরের দল। এখনই চোর শনাক্ত করে ব্যবস্থা না নেওয়া হলে জনগণের নিরাপত্তা ভেঙে পড়বে।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারা শাহরিয়ার আহম্মেদ বলেন, টিউবওয়েল ও শ্যালো মেশিন ব্যাপক ভাবে চুরি হওয়ায়, নিকলী সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে গ্রাম পুলিশ রাতে পাহাড়া দিচ্ছে। চুরির বিষয়টি নিয়ে গত মাসে উপজেলা মাসিক আইন শৃংখলা সভায় আলোচনা হয়েছে।
নিকলী থানার ওসি মুনসুর আলী আরিফ বলেন, ছিঁচকে চোরের উপদ্রব বেড়েছে। পুলিশ চোর ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। চোর শনাক্ত ও গ্রেপ্তারে রাতে বাড়ানো হয়েছে পুলিশের টহল।