বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

৬ মাসে নির্যাতন-হয়রানির শিকার ১১৯ সাংবাদিক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
৬ মাসে নির্যাতন-হয়রানির শিকার ১১৯ সাংবাদিক

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) জানিয়েছে, চলতি বছরের প্রথম ৬ মাসে দেশে অন্তত ১১৯ জন সাংবাদিককে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এছাড়া রাজনৈতিক সংঘাত ও সহিংসতায় নিহত হয়েছেন ১৪ জন এবং যৌন হয়রানির কারণে ১০ জন নারী আত্মহত্যা করেছেন।

সোমবার সংগঠনটি চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। দেশের ১০টি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ ও আসক সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকরা হামলা-মামলার শিকার হচ্ছেন। গত ৬ মাসে ঢাকায় সর্বাধিক ২৯ জন এবং চট্টগ্রাম ও কুমিল্লায় ৮ জন করে সাংবাদিককে হয়রানি-নির্যাতনের শিকার হয়েছেন।

একই প্রতিবেদনে আসক জানায়, ছয় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনা ছিল উদ্বেগজনক। একই সময়ে বেআইনি আটকের অভিযোগ ও রহস্যজনক নিখোঁজ, সাংবাদিক হত্যা, নির্যাতন ও নিপীড়ন, সীমান্তে হত্যা, নারীর প্রতি সহিংসতাসহ ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের ঘটনা ঘটেছে।

আসক জানায়, গত ৬ মাসে গণমাধ্যমে এসেছে ডিজিটাল নিরাপত্তা আইনে ২৪টি মামলার মোট আসামি ৬০। এর মধ্যে তাৎক্ষণিক গ্রেপ্তার হয়েছেন ২৬ জন। এ সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ৪ জন এবং গুলিতে ২ জনসহ মোট ৬ জন মারা গেছেন। এর মধ্যে, র‌্যাব হেফাজতে নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনাকে বিদ্যমান আইন ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করার অন্যতম উদাহরণ হিসেবে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

আসকের ওই প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে বিভিন্ন পর্যায়ের স্থানীয় নির্বাচনসহ রাজনৈতিক সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটেছে মোট ১৭৯টি। এতে নিহত হয়েছেন ১৪ জন এবং আহত হয়েছেন প্রায় ২ হাজার ৪২২ জন। এর মধ্যে নরসিংদীতে ৩ জন নিহত, ঢাকায় ৭টি ঘটনায় ১৯২ জন আহত এবং বরিশালে ১০টি ঘটনায় ১৩৯ জন আহত হয়েছেন।

এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে ৬ মাসে অন্তত ১১ জন বাংলাদেশি নিহত হয়েছেন এবং ১৪ জন আহত হয়েছেন।

অন্যদিকে, বছরের প্রথম ছয় মাসে ৫টি ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের ৩টি বাড়িঘরসহ ১টি ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ১ জন নিহত ও অন্তত ৬২ জন আহত হয়েছেন। এ হামলার ঘটনায় ১০৩টি বাড়ি ও ৩৩টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলেও আসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া একই সময়ে যৌন হয়রানিকেন্দ্রিক সহিংসতা হয়েছে ১৫৪ জন নারী-পুরুষের ওপর, এর মধ্যে ৭৯ জন নারী ও ৭৫ জন পুরুষ। যৌন হয়রানির কারণে ১০ জন নারী আত্মহত্যা করেছেন। এছাড়া যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে ৩ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২০ জন নারীকে। ধর্ষণের পর আত্মহত্যা করেছে ৩ জন নারী। এ ছাড়া, ৬৬ জন নারীকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে পারিবারিক নির্যাতন করা হয়েছে ২৫৩ জন নারীর ওপর। এর মধ্যে ১৫৬ জন নারীকে হত্যা করা হয়েছে। পারিবারিক নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন ৫৯ জন নারী। এছাড়া, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে ৩৮ জন নারীর ওপর। যৌতুককে কেন্দ্র করে নির্যাতন করা হয়েছে ৭৪ জন নারীর ওপর। যৌতুকের জন্য শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে ৩৪ জনকে এবং যৌতুকের কারণে নির্যাতনের পর আত্মহত্যা করেছেন ৩ জন নারী। এর মধ্যে শারীরিক নির্যাতন করা হয়েছে ৩৭ জনকে। এ সময়কালে মোট ১৩ জন গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে, তাদের মধ্যে ৭ জন মারা গেছেন।

আসকের প্রতিবেদনে বলা হয়, দেশের প্রায় সবকটি জেলায় ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে সর্বাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে ঢাকায় ২৭। এরপরই রয়েছে নারায়ণগঞ্জে ২২, চট্টগ্রামে ১৬ এবং বগুড়ায় ১৫। এছাড়া গত ৬ মাসে মোট ৮০৪ শিশুকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে, এর মধ্যে হত্যা করা হয়েছে ১০৯ শিশুকে। ১ ছেলে শিশুকে বলাৎকারের পর হত্যা করা হয়েছে। আত্মহত্যা করেছে ৪৫ শিশু, বিভিন্ন সময়ে মোট ৮৭ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে গণপিটুনিতে নিহত হন মোট ২৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন নিহত হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com