আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তার আওতায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নে গরিব, অসহায় ও দুস্হ ৩ হাজার ৪০০ টি পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ এপ্রিল) উপজেলার ধলা ইউনিয়ন পরিষদে বেলা ১১ টায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্ভোদন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা। শেষ হবে শুক্রবার (৫ এপ্রিল)। ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম। এসময় ইউপি সচিব আবদুর রহমান সুজন, ইউপি সদস্যগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপকারভোগীরা বলেন, প্রতিবছরের মতো এবারও নিজে বাড়ি-বাড়ি, ঘরে-ঘরে গিয়ে ভিজিএফ কার্ড সুবিধাভোগীদের পৌছে দিয়েছেন মানবিক চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক।
উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক বলেন, এবার ৩ হাজার ৪০০ জনকে ভিজিএফ চাল দেওয়া হচ্ছে। একজন সুবিধাভোগী যেন ১০ কেজি চালই পায় সেটা আমি সব সময় নিশ্চিত করি। এছাড়া গ্রামের গরীব মানুষের সুবিধার কথা বিবেচনা করে নিজ খরচে ব্যাগ কিনে তাতে চাল দেই। এতে করে চাল নিয়ে যেতে তাদের সুবিধা হয়। তালিকার বাইরে থাকা গরীব কয়েকজন এসেছেন তাদের কিছু নগদ টাকা দিয়ে দিচ্ছি। যেন তারা ঈদটা একটু স্বস্তিতে করতে পারেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি মাশতুরা আমিনা বিতরণের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি আরও বলেন, গবির-দুঃখী মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তারাও যেন সবার সঙ্গে উৎসবের সম-অংশীদার হতে পারে, পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে, সে জন্য সরকার দেশের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার দরিদ্র জনগণের মধ্যে ভিজিএফ কার্ডের মাধ্যমে পরিবারপ্রতি ১০ কেজি চাল বিতরণের যে কর্মসূচি গ্রহণ করেছে, তা অবশ্যই প্রশংসার দাবিদার।
.
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাশতুরা আমিনা বলেন, সৎ উদ্দেশ্য, মহৎ ইচ্ছে ও জনগণের প্রতি ভালোভাসা এবং দৃঢ় অঙ্গীকার থাকলেই যে সমাজে ভালো কাজ করা যায়, তার প্রকৃষ্ট উদাহরণ ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক। তিনি আরও বলেন, নিজে সুবিধাভোগীদের ঘরে ঘরে গিয়ে কার্ড পৌছে দিয়েছেন। চালের মাপও শতভাগ সঠিক থাকে। এই বিষয়টা আমার খুব ভালো লাগে। এছাড়া যাদের নাম বাদ পড়েছে এমন গরীব লোকজনকে নগদ টাকা দিয়ে দিচ্ছেন দেখলাম। এমনটা তিনি প্রতি বছরই করেন। জনপ্রতিনিধি এমনই হওয়া দরকার। অথচ অন্য অনেক জায়গায় দেখি- চাল বিতরণ নিয়ে কত লুকোচুরি। আর ওজনে ১০ কেজি চাল তো খুব কম জায়গাই মেলে।