কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অনিক হাসান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন থেকে চলন্ত অবস্থায় লাফিয়ে নামতে গিয়ে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। নিহত অনিক হাসান নরসিংদী জেলার শিবপুর উপজেলার দত্তেরগাঁও মধ্যপাড়ার আশিকুর রহমানের ছেলে। এ ঘটনায় আরো দুই জন গুরুতর আহত হয়েছে।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ তথ্য নিশ্চিত করছেন ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম। আজ শনিবার বিকাল পৌনে ৫টায় ভৈরব রেলস্টেশনের ২ নং প্লাটফর্মে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে থামে না। ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছামাত্র ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করলে হঠাৎ সে পা পিছলে প্লাটফর্ম থেকে রেললাইনের গিয়ে ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ওই যাত্রী।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার থানা অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন, দূর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্থান্তর করা হয় বলেও জানান তিনি।