আওয়ামী লীগ সরকারের সময় ১৭ মাস কারাভোগ ও ১০ দিনের রিমাণ্ডে নিয়ে নির্যাতনের শিকার কিশোরগঞ্জ জেলা যুবদলের কর্মী রুহুল আমিনকে ছাত্রলীগ কর্মী সাজিয়ে ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলায় আসামি করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন লতিবাবাদ উত্তরপাড়া গ্রামের শিক্ষানবিশ আইনজীবী সুজন মিয়া। মামলায় ৯০ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করা হয়। যুবদলকর্মী রুহুল আমিন এই মামলার ৩৬ নম্বর আসামি।
যুবদল নেতা রুহুল আমিন মামলায় নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যমে জানান, জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল ও সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়ার তত্বাবধানে মামলাগুলো করা হচ্ছে।
তিনি আরও জানান, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন সহ সরকার পতনের পর তার নিজ এলাকা উকিলপাড়ায় যেন কোন অপ্রীতিকর ঘটনা এবং চুরি ছিনতাইয়ের মত ঘটনা না ঘটে সেজন্য রাত জেগে পাহারাও দিয়েছেন। এসব আন্দোলনের ছবি তার ফেসবুক আইডিতেও পোস্ট করা আছে।
এ ঘটনায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর এ সংক্রান্ত লিখিত অভিযোগ করেন রুহুল আমিন। অভিযোগটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।