ঢাকা থেকে পরিচালিত কিশোরগঞ্জ জেলায় একমাত্র কিন্ডারগার্টেন এসোসিয়েশন “বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন”। যার গভ: রেজি: নং- এস ১০২৮/৯৮। প্রতি বছরের ন্যায় এ বছরও সুষ্ঠুভাবে শুরু হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার বৃত্তি পরীক্ষা।
আজ (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ২ দিন ব্যাপী বৃত্তি পরীক্ষা শেষ হবে আগামীকাল (২০ ডিসেম্বর) শুক্রবার। এবার বৃত্তি পরীক্ষার কেন্দ্র কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়।” এবারের বৃত্তি পরীক্ষায় জেলা সদরের স্বনামধন্য ২০টি কিন্ডারগার্টেন থেকে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগহণ করেছেন।
পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। এক সাথে জড়ো হয় কয়েক হাজার শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকবৃন্দ। স্কুল মালিকদের সহায়তায় মাঠে বিশ্রামের জন্য ডেকোরেশন করে ছাউনী দিয়ে সারা দিন ব্যাপী অবস্থান করেন তারা।

আজ বৃহস্পতিবার পরীক্ষার প্রথম দিন সকালে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা পরীক্ষা এবং বিকেলে তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ইংরেজী পরীক্ষা গ্রহণ করা হয়। আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতি বছর ডিসেম্বর মাসে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় কিশোরগঞ্জ জেলা নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছে। এই সংগঠনটি ছাড়াও কিশোরগঞ্জ শহরে স্থানীয় কয়েকটি কিন্ডারগার্টেন সংগঠন ভিন্ন ভিন্ন সেন্টারে বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে।
সংগঠনের জেলা শাখার সভাপতি শাহ মো. রমজান আলী ও সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে সুষ্ঠু ও সুন্দরভাবে এবারও কিশোরগঞ্জে এই পরীক্ষা শুরু হয়েছে।