কিশোরগঞ্জ শহরের ষ্টেশন রোডের “পলাশ কম্পিউটার্স” এর মালিক মো. আবদুল্লাহ আল মামুন পলাশ তার প্রতিষ্ঠানের দুই প্রতিনিধির ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, ৩০ ডিসেম্বর দুপুর ১টার দিকে নগুয়া এতিমখানা রোডে কিশোরগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের একটি ওপেন টেন্ডারের পণ্য সরবরাহ করতে যান পলাশ কম্পিউটার্সের দুই প্রতিনিধি—এ. কে. এম. মোহতাশিম আল নূরুল্লাহ (৩৭) এবং লক্ষণ রবি দাস (২০)। এ সময় ১২-১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পণ্য নামাতে বাধা দেন এবং প্রতিনিধিদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন, যাতে দুইজনই আহত হন।
হামলার শিকার প্রতিনিধিরা কোনো প্রতিরোধ না করে প্রতিষ্ঠানে ফিরে প্রাথমিক চিকিৎসা নেন। পরে বিকেল ৪টার দিকে বাকি মালামাল বুঝিয়ে দিয়ে আসেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। হামলার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।
ঘটনার বিষয়ে সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান বলেন, ঘটনাটি জেনেছি, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে টেন্ডারজনিত বিষয়ে কেউ এরকম হামলা করতে পারে। তবে কে বা কারা এই আক্রমণ করেছে আমরা এখনো সনাক্ত করতে পারিনি।
পলাশ কম্পিউটার্স এর স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন পলাশ বলেন, “আমি সরকারি বিধি মোতাবেক সম্পূর্ণ নিয়ম মেনে সিডিউল সাবমিট করি এবং কাজটি আমার প্রতিষ্ঠান পায়। আমার কাছে যখন সমাজসেবা অধিদপ্তর থেকে ওয়ার্ক পারমিট পাঠানো হয় তখন আমি ওই প্রতিষ্ঠানে মালামাল পাঠাই। মালামাল পৌঁছানোর সময় এমন অতর্কিত হামলা সহ অন্যান্য ব্যবসায়ীদের মনেও সঙ্কা তৈরি করেছে।” তিনি প্রশাসনের কাছে দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।