ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের এক শিক্ষার্থীকে হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (২৫ আগস্ট) ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস চার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক পিএসএম মেস্তাছিনুর রহমান।
তিনি বলেন, ২০১৮ সালে ১৮ জানুয়ারি রাতে শহরের পাটগুদাম এলাকায় ইব্রাহিমের কাছে থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার পরদিন ইব্রাহিমের বোন জামাই সারোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন । তদন্ত শেষে পুলিশ সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন ।
মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে পাঁচ আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাবাসে থাকতে হবে বলে জানান আদালতের পরিদর্শক।
এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত সাদ্দাম ও পাভেলকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে বলে জানান তিনি।
যাবজ্জীবন দণ্ড পাওয়ারা হলেন- ময়মনসিংহ নগরের পাটগুদাম কাশবন এলাকার নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ এবং প্যারিজ ডায়মন্ড। তাদের মধ্যে খোরশেদ পলাতক আছেন।