তিন দফা দাবিতে কর্মসূচি চলাকালে ‘পুলিশের হামলার’ প্রতিবাদে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
রোববার (৯ নভেম্বর) থেকে তারা অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) বিকালে মিছিলে পুলিশের হামলার কারণে শিক্ষকরা শাহবাগে তাদের পূর্বনির্ধারিত ‘কলম সমর্পণ’ কর্মসূচি পালন করতে পারেননি। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গিয়ে কর্মবিরতি পালনের নতুন কর্মসূচি ঘোষণা করেন ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন)’ এর সভাপতি মো. আবুল কাশেম।
একই সঙ্গে তিন দাবিতে রাজধানী ঢাকায় তাদের আগের লাগাতার অবস্থান কর্মসূচিও চলতে থাকবে।
এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বর্বর হামলা চালিয়েছে এবং প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মো. মাহবুবুর রহমানসহ ৫ জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলবে। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও চলমান থাকবে।