আড়াই ঘণ্টার চেষ্টার পর গাজীপুরের বাঘেরবাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিক্স অয়েল কোং নামের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে লাগা এ আগুন নেভাতে কাজ করে সাতটি ইউনিট। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মামুন এ তথ্য জানিয়েছেন।
এদিকে কারখানাটির ‘ফায়ার লাইসেন্স’ নবায়ন ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে বাঘেরবাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ আগুন লাগে। এ সময় কারখানার নিরাপত্তা কর্মী, শ্রমিক ও কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেন তারা।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে বাসিন্দারা ঘর থেকে তাদের আসবাবপত্র বাইরে বের করে আনেন।
কারখানার এজিএম (অপারেশন) সুজিত বিশ্বাস বলেন, কারখানার তিনটি এরিয়াতে আগুন লেগেছে। সেখানে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুন বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান।
তিনি বলেন, কারখানার যে অংশটিতে মশার কয়েল তৈরি করা হয়, সেখানে আগুন লাগে। সেখানে রাখা কেরোসিনের মাধ্যমে আগুন মাঠে চলে আসে। মাঠ থেকে গুদাম ও এডমিন সেকশনে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পাওয়ার পরপরই রাজন্দ্রেপুর মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় আরো কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আনা হয়। যে ধরনের অগ্নি প্রতিরোধ ব্যবস্থা থাকা দরকার, সেফটি প্ল্যান থাকা দরকার, কারখানাটিতে তা ছিল না।
কারখানার ফায়ার সার্ভিসের লাইসেন্স থাকলেও তা নবায়ন করা হয়নি বলেও তিনি জানান।