কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রুবেল মিয়া (২৬) নামে এক সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেতধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে ছুটিতে সৌদি আরব থেকে দেশে আসেন রুবেল। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি অপর এক প্রবাসী বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাহাদিয়া থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে মির্জাপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় অপর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান।
এ সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”