দেশ গড়তে জুলাই জাগরণ’এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জুলাই পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বদলগাছী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা দেশের চলমান দুর্নীতি ও রাজনৈতিক সংস্কৃতির কঠোর সমালোচনা করে শুদ্ধি অভিযানের আহ্বান জানিয়েছে
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র গড়তে হলে সর্বস্তরে বিদ্যমান ঘুষ ও চাঁদাবাজির অভিশাপ নির্মূল করা অপরিহার্য।’ রাজনৈতিক নেতাদের কর্মপদ্ধতির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘কেবল লোক দেখানো বা সেলফি তোলার রাজনীতির মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের দিন শেষ হয়েছে। জনগণের প্রকৃত উন্নয়ন ও সেবাই হওয়া উচিত রাজনীতির মূল লক্ষ্য।’
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান তার বক্তব্যে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।
এ সময় জনসভায় এনসিপির স্থানীয় নেতাকর্মী, সাধারণ জনগণসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।