দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১২৩ জনের শরীরে হাম শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যনর্ত আগের ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী যে দুজন মারা গেছেন তারা ঢাকা ও রংপুর বিভাগের।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬ জনের। এছাড়া এ রোগের উপসর্গ নিয়ে ৭৫৩ জন প্রাণ হারিয়েছেন।
এ বছরের মার্চ থেকে রাখা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩২৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১১৩ জন। এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, ময়মনসিংহে ৭১, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।
ঢাকা বিভাগে ভর্তি ২৯৭ জন, রাজশাহীতে ৩৪, সিলেটে ১১৩, চট্টগ্রামে ১৯৫, বরিশালে ১১৮, ময়মনসিংহে ৩৯, খুলনায় ৫৫, রংপুরে ১৪ জন।
এসময়ে আরও ৮৯৬ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৬৫ জন।
এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ১৪ হাজার ৩৯৩ জন। যাদের মধ্যে ১ লাখ ১০ হাজার ১৮৭ জন হাসপাতাল ছেড়েছে।
অপরদিকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩১ হাজার ৯৪৬ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৩১ জন।