কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাবেক চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোবিন্দপুর ইউনিয়নের আনুহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের সাধারণ মানুষের উদ্যোগে এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেল থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ সভাস্থলে আসতে শুরু করেন। সন্ধ্যার পর বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সভাটি বড় ধরনের জনসমাবেশে রূপ নেয়।
কিশোরগঞ্জ জেলা যুবদলের সদস্য আজহারুল ইসলাম স্বপনের সঞ্চালনায় এবং প্রফেসর আখিল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনজুরুল ইসলাম জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন, হোসেনপুর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা নূরে আলম এরশাদ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি রতন মহুরী, সহ-সভাপতি আব্দুল কাদির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, হোসেনপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফখর উদ্দিন শরীফ এবং গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া দল-মত নির্বিশেষে গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সাধারণ মানুষ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত হয়ে শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন বলে দাবি করেন বক্তারা।
তারা আরও বলেন, আসন্ন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেলকে দলীয় সমর্থন ও মনোনয়ন দেওয়া হলে তিনি পুনরায় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে পারবেন। এ জন্য উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি হিমেলের পক্ষে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনজুরুল ইসলাম জুয়েল বলেন, “বিগত দিনে আমার ছোট ভাই হিমেল চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে কোনো ভুল-ত্রুটি করে থাকলে বড় ভাই হিসেবে আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।”
তিনি আরও বলেন, “সমস্ত ভেদাভেদ ভুলে দল-মত নির্বিশেষে আসন্ন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হিমেলকে বিপুল ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ দিতে হবে।”
মতবিনিময় সভার মধ্যমণি সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল বলেন, “আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে যাব। বিগত দিনে আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, আসন্ন নির্বাচনেও আমার পাশে থেকে সহযোগিতা করবেন।”
তিনি আরও বলেন, “আসন্ন ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের প্রত্যক্ষ ভোটে বিশাল ব্যবধানে জয়ী হয়ে আবারও আপনাদের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চাই। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব।”
মতবিনিময় সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, গোবিন্দপুর ইউনিয়নের শান্তি-সমৃদ্ধি এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সবার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভাকে ঘিরে গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে আয়োজিত এ সভাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হিমেলের সমর্থনে একটি গুরুত্বপূর্ণ প্রচারণামূলক আয়োজন হিসেবে দেখছেন উপস্থিত নেতাকর্মীরা।