কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ হাজার টাকাসহ আব্দুল কুদ্দুস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার চরকাওনা উত্তরপাড়া (বেলতলী) গ্রামে এ অভিযান চালানো হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিকে একই দিন বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল কুদ্দুস পাকুন্দিয়া উপজেলার চরকাওনা উত্তরপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, পুলিশের অভিযানে আব্দুল কুদ্দুসকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।