কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দী অবস্থায় রঞ্জিত কুমার ঘোষ (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল রোববার আদালত তাঁর জামিন মঞ্জুর করলেও আজ সোমবার কারামুক্ত হওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রঞ্জিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। জুলাই অভ্যুত্থানের সময়কার ঘটনায় দায়ের করা একটি মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রঞ্জিত কুমার ঘোষ। কারা হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। আজ সোমবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এর জেল সুপার জাহানারা বেগম বলেন, ‘রঞ্জিত কুমার ঘোষ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কারা হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।’
এদিকে, রঞ্জিত কুমার ঘোষের ভাগনে মৃণাল কান্তি দাস তাঁর জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রোববার আদালত তাঁর মামার জামিন মঞ্জুর করেন। আজ সোমবার সকালে তাঁর কারামুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু মুক্তির আগেই না-ফেরার দেশে চলে গেলেন তিনি।