কিশোরগঞ্জের হাওরাঞ্চলের আলোচিত ডাকাত হযরত আলীকে (৩৫) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ইটনা থানা পুলিশ। হত্যা, চুরি, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে তাঁর বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় মোট ১৭টি মামলা রয়েছে। জেলা পুলিশের তালিকায় তিনি মোস্ট ওয়ান্টেড আসামি ছিলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ইটনা উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হযরত আলী মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই সজীব কুমার দত্ত, এসআই একেএম মোশারফ হোসেন, এসআই মো. সালাহ উদ্দিন, এসআই মো. সামছুল আলম সাব্বির, এএসআই আলমগীর ভূঁইয়া, এএসআই মোস্তাক হোসেন, এএসআই মো. মেহেদী হাসানসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, হযরত আলী আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। হাওরাঞ্চলে নৌডাকাতি, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি হাওরাঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে পুলিশের দাবি।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ইটনা উপজেলার ছিলনী সেতু এলাকায় হযরত আলী ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ইটনা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে পাশের কাকটেঙ্গুর গ্রামের দিকে সরে গিয়ে আত্মগোপন করেন।
এরপর তাঁকে গ্রেপ্তারে রাতভর ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার সকালেও অভিযান অব্যাহত থাকে। একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান জানান, গত বর্ষা মৌসুমে হাওরাঞ্চলে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় হযরত আলীর নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশ একাধিকবার অভিযান চালালেও তিনি কৌশলে আত্মগোপন করতেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।