কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় গৃহবধূ জ্যোৎস্না বেগম হত্যা মামলায় বাবা-ছেলেসহ সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মঞ্জিল মিয়ার ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), মঞ্জিল মিয়া (৬৫), শহিদ (৫৫), আবুল কালামের ছেলে মাহবুব (৩৫), মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫) এবং ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)।
মামলার বিবরণে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন জ্যোৎস্না বেগম ও আসামিরা। রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশী কলি আক্তারের ঘরে প্রবেশ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে একাধিকবার চুলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ করা হলেও সমস্যার সমাধান হয়নি।
এরই জের ধরে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি চুলার ধোঁয়া নিয়ে কথা বলতে গেলে কলি আক্তার ও মঞ্জিল মিয়ার সঙ্গে জ্যোৎস্না বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্য আসামিরাও সেখানে জড়ো হন। পরে তারা জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে মারধর করেন।
এ সময় জ্যোৎস্নাকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।
পরে স্বজন ও স্থানীয় লোকজন আহত জ্যোৎস্না ও আয়শা আক্তারকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। জ্যোৎস্নার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাতে তাঁর মৃত্যু হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় সাড়ে ১০ বছর পর এ হত্যা মামলার রায় ঘোষণা করলেন আদালত। রায়ে সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।