দুর্নীতি মামলায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ভাগনি টিউলিপ সিদ্দিকের নামে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান দুদক সচিব মো. সাইদুর রহমান খান।
এ ছাড়া এসব মামলার সঙ্গে সংশ্লিষ্ট ১ হাজার ৬২ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করেছে কমিশন। যুক্তরাষ্ট্রে জয়ের সম্পদেরও খোঁজ পেয়েছে দুদক। এসব সম্পদের বিস্তারিত তথ্য জানতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে।
সাইদুর রহমান বলেন, হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ২৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৭টি মামলার তদন্ত চলছে। সাতটি মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দ-সংক্রান্ত ছয়টি মামলার রায়ও হয়েছে।
দুদকের তথ্য অনুযায়ী, তদন্তের অংশ হিসেবে পরিবারের সদস্যদের নামে থাকা ১ হাজার ৬২ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে।
জব্দ করা স্থাবর সম্পদের মধ্যে রয়েছে পূর্বাচলে ৬০ কাঠা জমি, বারিধারায় একটি বিলাসবহুল বাড়ি, অভিজাত এলাকার নয়টি ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪০ শতাংশ জমি। একইসঙ্গে এসব মামলার সঙ্গে সংশ্লিষ্ট ১৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন।
দুদক সচিব বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে জয়ের আরও কিছু সম্পদের খোঁজ পেয়েছে কমিশন। এসব সম্পদের বিস্তারিত তথ্য চেয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এমএলএআর পাঠানো হয়েছে।
মামলাগুলোকে অগ্রাধিকার দিতে কমিশন পৃথক তদন্ত ও অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করেছে। এসব মামলার অগ্রগতি নিয়মিত পর্যালোচনাও করা হচ্ছে বলে জানান তিনি।
সাইদুর রহমান বলেন, মামলার সংখ্যা বাড়ানোর চেয়ে অভিযোগগুলো আদালতে প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও নথিপত্র সংগ্রহে বেশি গুরুত্ব দিচ্ছে দুদক।
বিদেশে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ প্রসঙ্গে দুদক জানায়, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন পাঠানো হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার পথ সুগম করাই এর উদ্দেশ্য।
যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য ও দেশটির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এ উদ্যোগের বিষয়ে জানতে চাইলে দুদক সচিব বলেন, কমিশন নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে আবেদন জমা দিয়েছে। পরবর্তী পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
এদিকে, হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ১৯টি অভিযোগ পেয়েছে দুদক। এর মধ্যে সাতটি অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। বাকি ১২টি অভিযোগের অনুসন্ধান বা তদন্ত চলছে।
দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, কিছু অভিযোগকে আলাদা মামলায় রূপ দেওয়া হতে পারে। প্রাথমিকভাবে এমন কিছু অভিযোগ চিহ্নিত করা হয়েছে, যেগুলোর ভিত্তিতে আরও ৩৭টি মামলা হতে পারে।
তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। অভিযোগের সত্যতা পাওয়া বা না পাওয়ার ওপর ভিত্তি করে মামলার সংখ্যা বাড়তে বা কমতে পারে বলে জানান তিনি।