যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই—এ স্লোগানকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার দেউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেউলিয়া ও কাস্টডোবের যুবসমাজের উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর আধাইপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম নয়ন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ সমাজকে মাদক ও সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে হবে। পাশাপাশি যুবক ও তরুণদের অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসাসেবায় সহযোগিতা, রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর আধাইপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শিউলি আক্তার।
খেলায় কীর্তিপুর একাদশ ও বসন্তপুর একাদশ পরস্পরের মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচ উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।