৭০ লিটার দেশীয় তৈরি অবৈধ চোলাই মদ ও একটি ব্যাটারিচালিত অটোরিক্সাসহ মো. মোকলেস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প। গতকাল শনিবার (৯ নভেম্বর) দুপুরে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকা থেকে সে আটক হয়। আটক হওয়া মো. মোকলেস কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক এএসপি সমীর সরকার জানান, শনিবার (৯ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে র্যাব কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ৭০ লিটার দেশীয় তৈরি অবৈধ চোলাই মদ ও একটি ব্যাটারিচালিত অটোরিক্সা সহ মো. মোকলেস নামে এক ব্যক্তিকে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অবৈধ চোলাই মদ ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানায় অবৈধ চোলাই মদসহ আটক হওয়া মো. মোকলেস এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।