মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাদীর্ঘ ১৫ বছর পর বহুল প্রতিক্ষিত আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি, কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছলম ইকবাল মিলনকে সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পিপি অ্যাড. এ এসএম আজাদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশাহ ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনকে নির্বাচিত করা হয়।
গত শনিবার (৯ নভেম্বর) রাত ১০টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে সম্মেলনের ২য় অধিবেশনে কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত ৬ জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদ এমপি। দীর্ঘ ১৫ বছর পর সম্মেলনের মধ্য দিয়ে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তৃণমূলে স্বস্তি ফিরে এসছে।
এদিকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার বিকাল সাড়ে ৩ টায় ভানুগাছবাজারের স্টেশন রোডস্থ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় সম্মুখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদ এমপি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আহমদ হোসেন।
কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদের সভাপতিত্বে ও অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী পর্বের আলোচনা সভায় সম্পাদকীয় রিপোর্ট ও শোক প্রস্তাব পেশ করেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. রাধাপদ দেব সজল, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউর রহমানসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আহমদ হোসেন বলেন, আওয়ামীলীগ দূর্ণীতিকে প্রশ্রয় দেয় না। তাই আওয়ামীলীগ শুদ্ধি আভিযান শুরু করেছে। সেই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। দেশকে আরও এগিয়ে নিতে হলে সকলকে এক সাথে কাজ করে যেতে হবে। দূর্নীতিবাজ ও মাদকাসক্তদেরকে আওয়ামীলীগে ঠাঁই দেয়া হবে না।
দ্বিতীয় পর্বে সম্মেলন কাউন্সিল সন্ধ্যা সাড়ে ৬ টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাসে শুরু হয়। কাউন্সিল অধিবেশনে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১৬ জনের নাম প্রস্তাব হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ২৬ জন প্রার্থী থাকায় দীর্ঘ ৪ ঘন্টা ধরে কাউন্সিল অধিবেশন শেষে রাত ১০টায় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। ব্যাপক আলোচনা শেষে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আছলম ইকবাল মিলনকে সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, পিপি অ্যাড. এ,এস,এম আজাদুর রহমানকে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন আলীনগর ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক বাদশা ও জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনকে নির্বাচিত করা হয়। আগামী এক মাসের মধ্যে উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি করা হবে।
উল্লেখ্য, ২০০৪ সালে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে মো. বেলায়েত আলী সভাপতি ও অধ্যাপক মো. রফিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালে বেলায়েত আলীর মৃত্যুর পর দলের একটি বিশেষ সভায় সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র অনুজ উপজেলা আওয়ামীলীগের ২নং সহ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিককে সভাপতি নির্বাচিত করা হয়। সেই থেকেই কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ মূলত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এ বিভক্তির বড় রুপ নিয়েছিল গত একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে। তার পর বিরোধ আরও বড় আকার ধারণ করে গত উপজেলা পরিষদ নির্বাচনে। বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় সাংসদের অনুজ নির্বাচনে প্রার্থী হন। এ কারণে উত্তেজনার মধ্যদিয়ে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।