মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হাজারও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহনে ‘মুবারক র্যালী’ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।
মঙ্গলবার জোহরের নামাজের পর কমলগঞ্জ উপজেলা চৌমুহনী চত্বর থেকে র্যালীটি বের হয়ে ভানাগাছ বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালীতে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে রচিত বিভিন্ন কবিতার শ্লোক খচিত রঙবেরঙের ফেস্টুন ও প্লেকার্ড বহন করেন মুসল্লীরা।
র্যালীতে গাওয়া হয় মহানবী (সা.) এর শানে দুরুদ। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উল্লাবি কামালিহি, শামছুদ্দুহা আস্সালাম- এ রকম অগণিত নাত এর সুমধুর সুর লহরিতে মুখরিত হয়ে ওঠে র্যালী।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা তালামীজের সভাপতি এনাম উদ্দিন চৌধুরী। র্যালীতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি আব্দুল জলিল, কমলগঞ্জ আনজুমানে আল ইসলাহ এর সভাপতি কাজী আলম চৌধুরী, যুগ্ন সম্পাদক আবু বকক সিদ্দিকি জিয়াব প্রমূখ। এ ছাড়াও র্যালীতে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে কমলগঞ্জের জেলা পরিষদ কাম মাল্টিপারস অডিটোরিয়ামে র্যালীপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।