বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের আগে সিলেট থেকে ৭০৩ জন যাত্রী নিয়ে চট্টগ্রামর উদ্দেশে রওনা হয়েছিল উদয়ন এক্সপ্রেস ট্রেনটি। উদয়নের আসন সংখ্যা ১৬টি বগিতে ৬২২টি থাকলেও ঘটনার রাতে মোট যাত্রী ছিল ৭২০ জন। তার ওপর প্রায় প্রতিটি বগিই ছিল নড়বড়ে।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আতাউর রহমান বলেন, উদয়নের ১৬টি বগি রয়েছে। যার আসন সংখ্যা ৬২২টি। তবে দুর্ঘটনার সময় ট্রেনটিতে মোট যাত্রী ছিলেন ৭০৩ জন। এই রুটে নিয়মিত চলাচলকারী এই ট্রেনটি প্রতিদিনের মতো সোমবার (১১ নভেম্বর) রাত পৌনে ৯টায় ১৬টি বগি নিয়েই সিলেট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেল স্টেশনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী তূর্ণা নিশীথার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১৬ যাত্রী নিহত ও আরও শতাধিক আহতের খবর পাওয়া গেছে।
এদিকে দুর্ঘটনার পর উদয়ন এক্সপ্রেস দুর্বল বগি দিয়ে চালানোর অভিযোগ উঠেছে। নড়বড়ে বগি দিয়ে সিলেট রুটে শুধু উদয়নই নয়, সবকটি ট্রেন চলাচল করছে বলে অভিযোগ যাত্রীদের। তাছাড়া ডাবল লেন না থাকায় ঝুঁকি নিয়েই ট্রেন চলাচল করছে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় তত্তবাবধায়ক (কারখানা) কাজী মোহাম্মদ ওমর ফারুকের সাথে মুটো ফোনে কথা বললে তিনি বলেন- উদয়নের বগিগুলো পুরোনো বলা যাবে না। বিভিন্ন সময় বগিগুলো যুক্ত করা হয়েছে। মূলত তূর্ণার ইঞ্জিন উদয়নের পেছনের তিনটি কোচে আঘাত করেছে। সে কারণে উদয়নের কোচগুলোই বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। রেলওয়ে সূত্রে জানা যায়, রেলওয়ের সিলেট-চট্টগ্রাম রুটে উদয়ন ও পাহাড়িকা নামে দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। উদয়ন ও পাহাড়িকার যাত্রা শুরু ১৪টি বগি নিয়ে।
বিগত বছরগুলোতে এ সংখ্যা কমিয়ে করা হয় ৯টি। তাছাড়া, নড়বড়ে বগি দিয়ে ট্রেনগুলো চলাচল নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের।