মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউপির নোয়াগাঁও গ্রামে জানাজার নামাজের পর দোয়া পড়া নিয়ে দুপক্ষের মাঝে উত্তেজনা দেখা দিলে দুপক্ষের হামলায় ১ জন আহত হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় উভয় পক্ষই পৃথকভাবে দুটি লিখিত অভিযোগ করেছেন।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় দুই দল মুসল্লির মাঝে উত্তেজনা সৃষ্টি হলে রাতে এক পক্ষের হামলায় রমজান আলী নামে এক ব্যক্তি আহত হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মাধবপুর ইউপির নোয়াগাঁও গ্রামে মঈন উদ্দীন মিয়ার স্ত্রীর জানাজার নামাজের পর দোয়া না করে লাশ দাফন করতে গেলে একই গ্রামের আলাউদ্দীন মিয়া আপত্তি জানান। তিনি দোয়া পড়েই লাশের দাফন করতে বলেন। এ নিয়ে মুসল্লী দুরুদ মিয়ার সাথে আলাউদ্দীন মিয়ার বাক বিতন্ডার এক পর্যায়ে ঠেলা ধাক্কা হয়। তাৎক্ষনিক উপস্থিত মুসল্লীরা বিষয়টি নিষ্পত্তি করে দিয়ে দুইজনকেই সরিয়ে দেন।
এ ঘটনার জের ধরে শনিবার রাতেই আলাউদ্দীন মিয়া ও তার ছেলেরা মিলে দুরুদ মিয়াকে মারপিট করার জন্য খোঁজতে থাকে। তখন দুরুদ মিয়াকে না পেয়ে মঙ্গল মিয়ার দোকানের সামনে দুরুদ মিয়ার আত্মীয় টমেটো চাষী রমজান আলীকে পেয়ে মারপিট করেন তারা। এ ঘটনায় টমেটো চাষী রমজান মিয়া আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন।
এ ঘটনায় শনিবার রাতে আহত রমজান মিয়ার ছেলে শাহীন মিয়া বাদি হয়ে আলাউদ্দীন মিয়া ও তার ছেলেদের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বাদি রমজান মিয়ার জামাতা কামাল মিয়া অভিযোগ করে বলেন, ‘জানাজার নামাজ শেষে দোয়া পড়া নিয়ে বিরোধের ঘটনায় তার শ্বশুর জড়িত নন। তিনি সন্ধ্যায় জমির উৎপাদিত টমেটো বিক্রি করে ৪০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে আলাউদ্দীন মিয়া ও তার ছেলেরা হামলা চালিয়ে আহত করেছে ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে গেছে।’
তবে আলাউদ্দীন মিয়ার ছেলে গিয়াস উদ্দীন অভিযোগ করে বলেন, ‘জানাজার নামাজের পরের ঘটনাটি ঘটনাস্থলেই সমাধান হয়ে গেলে রাত ৮টায় গ্রামের ১৫ থেকে ২০ জনের একটি দল নিয়ে প্রতিপক্ষ তার বাড়িতে হামলা চালিয়েছে। হামলায় তার অসুস্থ্য ছোট ভাইয়ের চিকিৎসার জন্য রাখা ২ লাখ টাকা লুট করা হয়েছে।’ এ ঘটনায় আলাউদ্দীন মিয়ার স্ত্রী আমিরুন বিবি বাদি হয়ে প্রতিপক্ষের উপর থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সরেজমিন তদন্ত করেছে।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘মাধবপুরে জানাজার নামাজ শেষে দোয়া নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তাৎক্ষনিক স্থানীয়ভাবে সেটির সমাধান হয়েছে। পরবর্তীতে যে ঘটনাগুলোর উল্লেখ করে থানায় দুই পক্ষ অভিযোগ করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।’