পেঁয়াজের মত লবনের মূল্য ৩০/৩৫ টাকা থেকে প্রতি কেজি ১০০ টাকা হয়ে গেছে এমন গুজবে সোমবার সন্ধ্যার পর থেকে মৌলভীবাজারের কমলগঞ্জের সর্বত্র দ্রুত অতিরিক্ত লবন কেনে ঘরে রাখার হিড়িক শুরু হয়। এ সুযোগে সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা অধিক দামে লবন বিক্রি আবার লবন স্টক করে রাখা শুরু করেন। এমন খবরে লবনের মূল্য বৃদ্ধি নিছক গুজব বলে এতে কান না দিতে সোমবার রাতে পুলিশের পক্ষে মাইকিং করা হয়।
সোমবার সন্ধ্যার পর থেকে কমলগঞ্জের ভানুগাছ,শমশেরনগর,আদমপুর,মাধবপুর,মুন্সীবাজার এলাকার মোদী দোকানে লবন কিনতে শুরু করেন ক্রেতারা। এ সুযোগে এক ধরনের মোদী দোকানীরা অতিরিক্ত দামে লবনও বিক্রি করেন বলে অভিযোগ পাওয়া যায়। লবনের মূল্য বৃদ্ধির খবরে যেখানে কিছুটা কম দামে লবন পাওয়া যায় সেখানে ক্রেতাদের ভিড় বেড়ে যেতে দেখা যায়। ক্রেতারা ৫ থেকে শুরু করে ১০ ও ২০ কেজি করে লবন কিনেছেন। আবার অনেকেই এক বস্তা ২ বস্তা করে লবন কিনে বাসায় নিয়ে গেছেন। সন্ধ্যার পর থেকে গুজবটি হালকাভাবে প্রচার হলেও রাত ৯টার পর থেকে এটি ব্যাপকহারে প্রচারিত হয়। রাত ১০টার পর থেকে আরা দোকান গুলোতে লবন পাওয়া যায়নি।
মাধবপুর বাজারের মোদী দোকানী জানান, তাদের দোকানে লবনের পূর্ব মূল্য ছিল কেজি প্রতি ৩০/৩৫ টাকা। রাতে ক্রেতাদের লবন কেনার চাপ বেড়ে গেলেও তারা আগের মূল্যে লবন বিক্রি করেছেন। মাধবপুর বাজারে রাতে লবন কিনেত আসা নোয়াগাঁও-এর ক্রেতা মুজিব মিয়া বলেন শুনেছেন মঙ্গলবার থেকে লবনের দাম আরও বেড়ে যাবে, তাই রাতেই তারা লবন কিনতে এসেছেন। তিনি আরও জানান রাতেই আগের দামে তিনি ৩০ কেজি লবন কিনেছেন। একই অবস্থা শমশেরনগরে বাজারে বিরাজ করলে শমশেরনগর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে বিষয়টি সম্পূর্ণ গুজব দাবি করে ক্রেতাদের গুজবে কান না দিতে রাতেই মাইকিং করানো হয়। এমনকি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বাজারের সবগুলো মোদীর দোকানে গিয়ে পূর্বের মূল্যে লবন বিক্রি করতে নিদের্শনা দেন।
অরুপ কুমার চৌধুরী বলেন,পেঁয়াজের মূল্যবৃদ্ধির সাথে তাল মিলিয়ে লবনের মূল্য বৃদ্ধির পায়তারা করছিল একটি চক্র। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, এটি সম্পূর্ণরূপে গুজব ছিল। সোমবার রাত থেকে পুলিশ মোদী দোকানগুলোতে তদারকি শুরু করেছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এখন প্রমাসনিকভাবে বাজারে তদরাকি চলছে।
ভোক্তা অধিকার অধিপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক আল আমীন বলেন, এটি সম্পূর্ণরূপে গুজব ছিল। ভোক্তা অধিকার অধিদপ্তর সবসময় বাজার তদারকি করে ও বাজারে অভিযান পরিচালনা করছে। এ ধরনের গুজব ছড়িয়ে কেউ বিভ্রান্তি সৃষ্টি করে লবনের অতিরিক্ত মূল্য নিয়ে ভোক্তা অধিকার আইনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।