মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮১ তম জন্মদিন উপলক্ষে কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যাগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার(৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক আব্দুল মালিক বাবুলের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহব্বায়ক মো. জুয়েল আহমেদ।
উপজেলা যুবলীগের সদস্য জহির আলমের সঞ্চালনায় আলোচনা সভায় কমলগঞ্জ সদর ইউপি যুবলীগের আহব্বায়ক আব্দুল মজিদ, আলীনগর ইউপি যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, পতনউষার ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল, উপজেলা যুবলীগ সদস্য নিয়াজ মুর্শেদ রাজু, মইনুল ইসলাম খান, আব্দুল কালামসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের আহবায়ক মোঃ জুয়েল আহমেদ বলেন, ‘শেখ ফজলুল হক মনি ছিলেন একজন সাহসী রাজনীতিবিদ এবং সাংবাদিক। বঙ্গবন্ধুর নির্দেশে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ১৯৭২ সালে বীর মুক্তিযুদ্ধাদের সমন্বয়ে বাংলাদেশের প্রথম শ্রেষ্ঠ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে যুব রাজনীতির শুভ সূচনা করেন।’
উল্লেখ্য, ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।