সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মাদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জের কাজিপুরে এখন শোকের ছায়া। লক্ষাধীক নেতাকর্মী শেষবারের মতো প্রিয় নেতা দেখতে পাওয়ার আকাঙ্খা থাকলেও দেশের সার্বিক অবস্থা বিবেচনায় কাজিপুরে আসেনি মোহাম্মাদ নাসিমের মরদেহ। তাই শোকটা আরো প্রকট হয়েছে নেতাকর্মীদের মাঝে। তবে নেতার আত্মার শান্তি কামনায় চলছে দোয়া মাহফিল আর কোরানখানী।
১৯৪৮ সালের ২রা এপ্রিল ক্যাপ্টেন এম মনসুর আলী আর মা অামেনা মনসুরের কোল আলো করে ঘরে আসেন মোহাম্মাদ নাসিম। এরপর নানা চড়াই উৎরাই পেরিয়ে বেড়ে উঠেন মোহাম্মাদ নাসিম। ছাত্রজীবন থেকেই রাজনৈতিক জীবন শুরু হলেও ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি এই বর্ষীয়ান নেতাকে।
সিরাজগঞ্জের কাজিপুরের মানুষের কাছে তিনি ছিলেন দেবদূতের মতো। স্থানীয় মানুষের যে কোন সমস্যাতেই বুক আগলে দাড়াতেন মোহাম্মাদ নাসিম। আর যে কারনে কাজিপুরের মানুষ তার এ চলে যাওয়ার শোক সামাল দিতে পারেছন না। যদিও মোহাম্মাদ নাসিমের অভাব পূরণ হবার নয়। তবে তার আদর্শকে ধারন করে এগিয়ে নিতে চান তার রাজনীতি।
আর স্থানীয় আওয়ামীলীগের সহ সভাপতি জানালেন, আগামী ৭দিন শোক পালন সহ কোরানখানী ও কালো ব্যাজ ধারন করবে নেতাকর্মীরা। তবে প্রিয় নেতার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে না পারার আক্ষেপটা কাজিপুর বাসীর রয়ে যাবে চিরকাল।