কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সবজিভর্তি একটি অটোরিকশার চাপায় রিয়া মণি (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চরফরাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়া মনি উপজেলার চরফরাদী গ্রামের আবদুল কদ্দুছ মিয়ার শিশু কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বাড়ির সামনে মুনিয়ারীকান্দা-পাকুন্দিয়া সড়কে যায় ওই শিশু। এসময় পেছন দিক থেকে ছেড়ে আসা সবজিভর্তি একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে ওই শিশুর মাথার মগজ বেরিয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনায় জড়িত ঘাতক চালক পলাতক রয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সারোয়ার জাহান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।