কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রায় ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি ও অন্যান্য পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে।
পুরো বিশ্ব যখন করোনায় আক্রান্ত, লকডাউনে সব কিছু বন্ধ, ঘরবন্দি মানুষ, রুটি-রুজির পথ বন্ধ হয়ে অসহায় জীবন শ্রমজীবী মানুষের; ঠিক তখনই ব্যতিক্রমী কিছু মানুষ ও সংগঠন সমাজের কাছে নিজেদের দায়বদ্ধতাকে উপলব্ধি করে মানবতার হাত প্রসারিত করছেন। কেউ নীরবে, কেউবা সরবে।
চলছে মাহে রমজান মাস। পবিত্র ঈদ-উল-ফিতরের আর মাত্র ২/৩ দিনি বাকি। কিছু কিছু হত দরিদ্র পরিবারের রুটি-রোজগারের ব্যবস্থা থাকলেও ঈদকে সামনে রেখে তাদের পরিবারে নতুন পোষাকের নেই কোনো ব্যবস্থা। প্রশাসন ও সমাজের বিভিন্ন সংগঠন এসব মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং খাদ্য সামগ্রী ও খাবার বিতরণ করছে প্রতিনিয়ত। কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীবৃন্দ ঈদকে সামনে রেখে এক ব্যতিক্রমী আয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে অকুণ্ঠচিত্তে।
সোমবার (১০ মে) বিকেলে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে বিএডিসি ভবন চত্ত্বরে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় স্থানীয় শতাধিক অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি ও অন্যান্য পোশাক সামগ্রী বিতরণ করেছেন তারা।
যশোদল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আবিদুর রহমান বাবুলের সভাপত্তিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী শরীফুল ইসলাম শরীফ। এসময় আরও উপস্থিত ছিলেন- সমাজ সেবক মো. সানু মিয়া, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা মনিরুজ্জামান মনির, শফিকুল ইসলাম মেরাজ, যশোদল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা ওয়াসীম ফিরোজ, রনি মীর, কনিক আহম্মেদ’সহ প্রমুখ।
ঈদ উপহার বিতরণ পূর্ব সময়ে অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও সংগঠনের একাধিক নেতাকর্মী জানিয়েছেন করোনাকালে আওয়ামী সেচ্ছাসেবক লীগ শুরু থেকেই অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে ছিল, এখনও আছে ও ভবিষ্যতেও থাকবে। গত একটি বছর ধরে এই মহামারির ভিতরেও কিশোরগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিট জেলার বিভিন্ন অঞ্চলে মানুষের পাঁশে দাঁড়িয়েছে এবং এ কাজ অব্যাহত থাকবে।