গত বছরের ন্যায় এবারও কিশোরগঞ্জে পরিবেশ বান্ধব মানবিক ঈদ আনন্দ বাজারের আয়োজন করেছে কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী ও গুরুদয়াল সরকারি কলেজের সাবেক জিএস এনায়েত করিম অমি। ঈদকে সামনে রেখে এবারের আয়োজনে ৩০০ পরিবারে এ উপহার সামগ্রী দেয়া হয়েছে।
আজ বুধবার (১২ মে) বেলা ১২টার দিকে শহরের বিন্নগাঁও এলাকায় এই আয়োজনের উদ্বোধন করা হয়। এসময় কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার হিসেবে প্রত্যেককে শাড়ি, লুঙ্গি, সেম্পু, সাবান, মুড়ি, চাল, ডাল, সেমাই, লবণ, দুধ, তৈল ও চিনি সহ মোট বারটি সামগ্রী দেয়া হয়। এছাড়াও আগত প্রত্যেকের মাঝে হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়।
সম্পূর্ণ বিনামূল্যে এই ঈদ আনন্দ বাজারে উপহার সামগ্রী নিতে আসা একজন উপকারভোগী জানান, এখানে এসে আমরা খাদ্য সামগ্রীর পাশাপাশি ঈদের নতুন পোশাকও পেয়েছি। আয়োজনকারীদের আল্লাহ কবুল করুন। আরেকজন জানান, ঈদের দিন এখন আর না খেয়ে থাকতে হবে না, সবার সাথে আমরাও ঈদের আনন্দ উপভোগ করবো।

করোনা মহামারিতে এ ধরণের আয়োজনকে স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানে আসা অতিথি ও দর্শনার্থীরা। তারা জানান, সুবিধা বঞ্চিত ও লকডাউনে কাজ বঞ্চিত মানুষেরা ঈদের আনন্দ থেকে এখন আর বঞ্চিত হবে না।
আয়োজনের প্রধান উদ্যোক্তা কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী ও গুরুদয়াল সরকারি কলেজের সাবেক জিএস এনায়েত করিম অমি জানান, করোনা পরিস্থিতিতে মানুষের পাশে থাকার ঈদ, ভালোবাসার ঈদ। ঈদের আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে যায় এই উদ্দেশ্য থেকেই আমাদের এই আয়োজন। আমরা চেষ্টা করেছি কিশোরগঞ্জের সুবিধা বঞ্চিত ৩০০ পরিবারকে বাছাই করে গত বারের মতো এবারও মানবিক এই ঈদ আনন্দ বাজারের উপহার দিতে। এখানে শাড়ি, লুঙ্গি থেকে শুরু করে প্রয়োজনীয় নিত্য সামগ্রী ঈদের সামগ্রী আছে। যা দিয়ে অন্তত পক্ষে ঈদের দিন হলেও একটু খেতে পারবে, পড়তে পারবে। সেই সুযোগটাই আমরা এই মানবিক ঈদ আনন্দ বাজার করে দিয়েছি।
উল্লেখ্য যে, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করীম অমি করোনা মহামারির শুরু থেকে মানুষের সচেতনতার জন্য সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন।