ইয়াবা সেবনের অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চার যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদ- দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। রোববার দিনগত রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই চার যুবককে এ দন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান। এসময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম ও এক পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বুরুদিয়া গ্রামের আরিফ (২২), হোসেন মিয়া (২১), সাঈদ হোসেন (২০) ও আরিফ হোসাইন (২০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রোববার (২৩মে) সন্ধ্যায় উপজেলার বুরুদিয়া বাজার সংলগ্ন এলাকায় বসে ইয়াবা সেবন করছিল কয়েক যুবক। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান একদল পুলিশ ও আনসার সদস্য নিয়ে ঘটনাস্থলে হাজির হন। এসময় ইয়াবা সেবনরত অবস্থায় ওই চার যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ও ঘটনাস্থল থেকে এক পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াবা সেবন করার অপরাধ স্বীকার করায় ওই চার যুবকের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ৯০০টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে চার যুবককে দন্ড দেওয়ার তথ্যটি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর ৩৬(৫) ধারায় চারজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৯০০টাকা করে জরিমানা করা হয়।