কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রানিছা আক্তার নামে (১৪) নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয়। অপহরণের একদিন পর আজ বুধবার (২৫ মে) সকালে উপজেলার পুলেরঘাট-নিকলী সড়ক থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ। তবে ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সারোয়ার জাহান।
ওই স্কুলছাত্রী উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে কোদালিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় মঙলবার রাতে কোদালিয়া গ্রামের শামছুদ্দিনের ছেলে টুটুল (২২) ও সোহাগ (২৮) নামে দুই ভাইকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন ওই ছাত্রীর মা শামীমা আক্তার। এ মামলায় অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, মঙলবার সকাল ১০টার দিকে কোদালিয়া এসআই উচ্চ বিদ্যালয় থেকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছলে টুটুল ও তার সঙ্গীরা ওই ছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। যথাসময়ে বাড়ি না ফেরায় মেয়েকে খোঁজাখুজির একপর্যায়ে জানতে পারে তাকে টুটুলসহ কয়েকজন জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরে টুটুলের বাড়িতে গিয়ে মেয়েকে ফেরত চায় তার পরিবার। কিন্তু টুটুলের পরিবার মেয়েকে ফেরতের আশ্বাস দিয়েও দেয়নি। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলা করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের জন্য আজ বুধবার দুপুরে ওই ছাত্রীকে পুলিশ হেফাজতে কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও আদালতে পাঠানো হয়েছে।