ডেস্ক নিউজ : ডাকসু ও হল সংসদ নির্বাচন বর্জন করে পুনঃনির্বাচনের দাবিতে ৫টি প্যানেল এক সাথে আন্দোলন করে আসলেও এখন তাদের জোটে বিভক্তি দেখা দিয়েছে।
রোববার দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে পুনঃনির্বাচনের দাবিতে জোটগত কর্মসূচি না দিয়ে একক কর্মসূচি দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য।
সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্র ঐক্যের ভিপি প্রার্থী লিটন নন্দী বলেন, ডাকসুর পুনঃনির্বাচনসহ যে দাবিগুলো ছিল, আমরা এখনো সেই একই অবস্থানে আছি। পুনঃতফসিল ঘোষণা করে আবার ডাকসু নির্বাচন দিতে হবে। এই ডাকসু আমাদের না।
পুনঃনির্বাচনের দাবিতে আগামীকাল সোমবার ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিচ্ছি, এদিন সকাল ১১টায় আমরা রাজু ভাস্কর্যের সামনে মিলিত হবো। সেখান থেকে ভিসির বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেব।
এর আগে ডাকসুর পুনঃনির্বাচনের দাবিতে ঢাবি প্রশাসনকে তিনদিনের আল্টিমেটাম দিয়েছিল ৫টি প্যানেল।প্যানেলগুলো হলো- কোটা সংস্কার আন্দোলনকারীদের জোট, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোট সমর্থিত, ছাত্র ফেডারেশন সমর্থিত প্যানেল। একই দাবিতে টানা অনশনও করেছেন বিভিন্ন প্রার্থী।
অথচ তিনদিনের আল্টিমেটাম শেষে একক কর্মসূচি দিল প্রগতিশীল জোট। বাকি প্যানেলগুলো কোথায়, একক কর্মসূচি কেন এমন প্রশ্নে লিটন নন্দী বলেন, অন্যান্য প্যানেলগুলো আলাদাভাবে বৈঠক করে তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে। তারা তাদের অবস্থান আলাদাভাবে গণমাধ্যমকে স্পষ্ট করবেন।
কোটা সংস্কার আন্দোলনের নেতা ও নবনির্বাচিত ভিপি নুরুল হকের গণভবনে দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে লিটন নন্দী বলেন, নূর পুনঃনির্বাচনের দাবিতে এর আগে গণমাধ্যমগুলোতে যে ধরণের বক্তব্য দিয়েছিল, আর সে গতকাল গণভবনে যে বক্তব্য দিয়েছে তা সাংঘর্ষিক। তার এই বক্তব্য সাধারণ ছাত্রদের মধ্যে বিভক্তি আনবে বলে আমি মনে করি। আশা করছি তার এই সাংঘর্ষিক বক্তব্যের বিষয়ে তিনি তার অবস্থান গণমাধ্যমের সামনে স্পষ্ট করবেন।