বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের করা এমপিওভুক্তি-উচ্চতর গ্রেডসহ এ সংক্রান্ত কতগুলো আবেদন আঞ্চলিক কার্যালয়গুলোতে পেন্ডিং আছে, তা জানতে চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্ত থেকে এ বিষয়ে তথ্য চেয়ে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের কতগুলো এমপিও সংক্রান্ত আবেদন বর্তমানে পেন্ডিং রয়েছে এবং কত তারিখের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তি করা হবে তা ও এ সংক্রান্ত তথ্য আগামী ২৫ অক্টোবরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে বলা হলো।
জানা গেছে, বেসরকারি স্কুলের শিক্ষক-কর্মচারীদের এমপিওর আবেদন আঞ্চলিক উপপরিচালক ও বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিওর আবেদন পরিচালক নিষ্পত্তি করেন। আঞ্চলিক কার্যালয়গুলোতে শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন আটকে রেখে হয়রানি ও বিভিন্ন অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ দীর্ঘদিনের।