বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৭ জন সংসদ সদস্য (এমপি) জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
রোববার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির ৫ এমপি।
পদত্যাগের ঘোষণা দেয়া সাতজন এমপি হলেন: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
বিদেশে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ এবং অসুস্থতার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার সশরীরে উপস্থিত ছিলেন না। তাদের পক্ষে পদত্যাগপত্র জমা দেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
পদত্যাগপত্র জমা দেয়ার পর সংসদ ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুমিন ফারহানা।
এসময় তিনি বলেন, সংসদে জনগণের পক্ষে কথা বলার কোনো সুযোগ নেই। এজন্য সরকার পতনের আন্দোলন জোরদার করার জন্য একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন তারা।
‘সাতজন এমপি পদত্যাগ করলে সংসদের কোনো সংকট তৈরি হবে না’ আওয়ামী লীগ নেতাদের এমন মন্তব্যের জবাবে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, সংকট হবে না এমন বক্তব্যই প্রমাণ করে সংকট হবে।
তিনি বলেন, আমি গতকাল ব্যক্তিগতভাবে স্পিকারকে ফোন দিয়ে পদত্যাগের কথা জানিয়েছি। মেইলে পদত্যাগপত্র দিয়েছি। স্পিকার আমাকে বলেছেন, তিনি এই বিষয়ে মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন।
এর আগে শনিবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপির সংসদ সদস্যরা রোববার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গোলাপবাগে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপি পদত্যাগ করবেন বলেও ঘোষণা দেওয়া হয়। গণসমাবেশে বিএনপির এমপিরা ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে এই পদত্যাগ করার ঘোষণা দেন।
তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ অস্ট্রেলিয়ায় থাকায় তিনি গণসমাবেশে উপস্থিত ছিলেন না।