হৃদয় আজাদ:
বাংলা নববর্ষ ১৪২৬-এর বরণ উৎসবকে ঘিরে ভৈরবের মেঘনা নদীর ত্রী-সেতু এলাকায় অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা। মেলাকে আকর্ষণীয় করতে সহস্রাধিক ভ্রাম্যমাণ দোকানও বসে এই সংরক্ষিত এলাকায়। আর বর্ষবরণের আনন্দকে প্রিয়জনের সাথে ভাগাভাগি করে নিতে মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। ফলে স্বাভাবিক নিয়মেই নোংরা হয় মেলাস্থল।
মেলা শেষ হবার দু’দিন কেটে গেলেও সেতু কর্তৃপক্ষের অবহেলায় যখন নোংরা পরিবেশের পরিবর্তন হচ্ছিল না ঠিক তখনি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে নামে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব শাখার সদস্যরা। “যেখানে দেখিবে ময়লা-আবর্জনা, সেখানে করিবে পরিস্কার-পরিচ্ছন্নতা” এ স্লোগানে বুধবার সকাল থেকে শুরু হয় পরিবেশ উন্নয়নের এই সামাজিক অভিযান।
ভৈরবের একমাত্র এই বিনোদন কেন্দ্রটির নোংরা পরিবেশকে পরিবর্তন করে একটি স্বাস্থ্য সম্মত পরিবেশ সৃষ্টির লক্ষে সংগঠনটির আহবায়ক রাকিব হোসাইনের নেতৃত্বে ত্রি-সেতু এলাকায় বৈশাখী মেলার মাঠে ঝাড়ু হাতে ময়লা- আবর্জনা পরিষ্কারের কাজে অংশ নেয় সংগঠনের বেশ কিছু শিক্ষার্থী।
অংশগ্রহণকারীদের কেউ ঝাড়ু দিচ্ছেন আবার কেউ আর্বজনায় ভর্তি বস্তা নিয়ে আগুনে পুড়াচ্ছে। এভাবে দিনভর চলে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার তাদের এই আপ্রাণ প্রয়াস।