টানা ম্যাচ খেলার ধকল কমাতে মেসিকে বেঞ্চে রেখেই রোববার নিউইয়র্ক রেড বুলসের মাঠে খেলতে নেমে মেসি ছাড়া দলের অন্য গোলটি করেছেন ডিয়েগো গোমেজ। বল দখলে এগিয়ে থাকলেও এদিন শুরুতে গোলের দেখা পাচ্ছিল না ফ্লোরিডার ক্লাবটি। সেই তুলনায় বেশি সুযোগ তৈরি করছিল নিউইয়র্ক।
অন্যদিকে, আধা ঘণ্টা পেরোনোর পর ধীরে ধীরে প্রতিপক্ষ ডি-বক্সে নিজেদের মেলে ধরতে শুরু করে ইন্টার মায়ামি। এক সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন গোমেজ। ডি-বক্সের বেশ বাইরে থেকে দারুণ এক পাসে গোমেজকে খুঁজে নেন নোয়াহ এলিয়েন। এরপর নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে ইন্টার মায়ামিকে লিড এনে দেন এই প্যারাগুয়েন মিডফিল্ডার।
অবশ্য প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেতে পারত নিউইয়র্ক। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজেদের ডি-বক্সে ইন্টার ইন্টার মায়ামির মিডফিল্ডার ডেভিড রুইজের হাতে বল লাগলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে ভিএআরে গিয়ে বদলে যায় সে সিদ্ধান্ত। রিপ্লেতে দেখা যায় বল রুইজের হাতে নয় কাঁধে লেগেছে। একাদশে না থাকলেও বিরতির পরই গা গরম করতে শুরু করেন মেসি। মাঠে এ সময় রেড বুলের আধিপত্য বেশি থাকাতেই হয়তো মেসিকে বেঞ্চে বসিয়ে রাখার ঝুঁকি নিতে পারেননি মার্তিনো।
অবশেষে ম্যাচের ৬০ মিনিটে লিওনার্দো কাম্পানাকে তুলে নিয়ে মেসিকে মাঠে নামান মার্তিনো। এর ফলে যারা টিকিট কেটে মেসির এমএলএস অভিষেক দেখতে এসেছিলেন তাদের সেই আসাটাও পূর্ণতা পায়। মেসির সঙ্গে এ সময় মাঠে নামেন বুসকেতসও। মেসি নামার পর ম্যাচের গতি ও দৃশ্যপটেও পরিবর্তন আসে। আক্রমণের নিয়ন্ত্রণটা চলে আসে ইন্টার মায়ামির হাতে। মাঠে নেমে দারুণ কিছু সুযোগও তৈরি করেন মেসি। যদিও সেগুলো পরিণতি পাচ্ছিল না।
৮৭ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক আদায় করে নেন মেসি। যদিও মেসির ফ্রি কিক প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে বাঁধা পেয়ে ফিরে আসে। তবে ফ্রি কিক থেকে না পারলেও গোলটা ঠিকই পেয়েছেন মেসি। ৮৯ মিনিটে ডি-বক্সের ভেতর প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়ান বেঞ্জামিন ক্রামাশ্চিকে। পরে ফিরতি বল টোকা দিয়ে জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি।
শেষ পর্যন্ত দুই গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এ জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে এক ধাপ ওপরে উঠে এল ইন্টার মায়ামি। ২৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ২১।