জ্বর থেকে সেরে ওঠার পর বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াডে যোগ দিচ্ছেন লিটন দাস। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। তবে এই খবর জানেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি প্রধান বলেন, লিটনের এশিয়া কাপের স্কোয়াডে যোগ দেয়ার ব্যাপারে কিছু জানেন না তিনি, প্রথম কথা হচ্ছে, আমার জানা নেই ও আজকে যাচ্ছে। যাচ্ছে এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম। ওর আপডেট কী। ও যে যাচ্ছে, এই ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম।
এর আগে বিসিবি সূত্রে জানা গেছে, আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হওয়ার পরই লিটনকে উড়িয়ে নেয়ার পরিকল্পনা হয়। রাত ৯টায় কাতার এয়ারওয়েজে এই ডানহাতি ওপেনারের ফ্লাইট ঠিক করা হয়েছে। কাতারের দোহা থেকে তিনি ধরবেন লাহোরের ফ্লাইট। আগামীকাল মঙ্গলবার দলের সঙ্গে যুক্ত হবেন এই তারকা।
নির্বাচকরাও লিটনের এশিয়া কাপে যাওয়ার বিষয়ে কিছু তাকে বলেননি বলে দাবি করেন বোর্ড প্রধান, যাচ্ছে? এখানে তো নির্বাচকরাও এসেছিল। ওরাও তো… (কিছু বলেনি)।
অধিনায়ক (সাকিব আল হাসান), কোচ (চন্ডিকা হাথুরুসিংহে), ওখানে (নির্বাচক আব্দুর) রাজ্জাক আছে, (ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান) জালাল (ইউনুস) ভাই আছে, আমার সঙ্গে আজকে ওদের সঙ্গে কথা হয়েছে। কেউ আমাকে বলেনি। এটা নতুন কিছু।
এই টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড় পাল্টাতে অনুমোদন লাগবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। তার আগে সবুজ সংকেত লাগবে বিসিবি সভাপতিরও। সব মিলিয়ে অবাক পাপন, কীভাবে যাবে (লিটন)? (আমার) অনুমোদন ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদন তো লাগবে। আমি আসলে এই জিনিসটা… আমার কাছে একদম… (বিস্ময়কর)।