হৃদয় আজাদ:
ফলোআপ:- ভৈরবে প্রেমিকের প্রতারণা ও প্রতিবেশীদের মানসিক নির্যাতনের স্বীকার কলেজ পড়–য়া তানিয়ার আত্মহত্যার ঘটনায় প্রেমিকসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের পরিবার। আত্মহত্যার পেছনে প্ররোচনার অভিযোগ এনে প্রতারক প্রেমিক মিজানুর রহমানকে প্রধান আসামী করে মোট আটজনের বিরুদ্ধে শনিবার রাতে তানিয়ার মা শেফালি বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে প্রেমিক রুবেলসহ অন্যান্য আসামিরা পলতাক রয়েছে। তবে তাদেরকে শিঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের মিলন মিয়ার কন্যা তানিয়া বেগম চলতি বছর ভৈরব সরকারি জিল্লুর রহমান কলেজ এন্ড বিশ্ব-বিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন । লেখা-পড়ার পাশাপাশি সে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালের এইড নার্স (সহকারি সেবিকা) হিসেবে কাজ করতেন । চাকুরীর সুবাদে একই হাসপাতালের সহকর্মী শ্রী-নগর গ্রামের আবুল কালাম মিয়ার পুত্র মিজানুর রহমানের সাথে তানিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে । গত শুক্রবার দিবাগত রাতে প্রেমিক মিজান তানিয়ার বাড়ীতে গেলে গ্রামের লোকজন মিজানকে আটক করে উভয়ের বিয়ের আয়োজন করে স্থানীয় কাজী ও মসজিদের ঈমামকে খবর দেয় । পরে ভোটার আইডি কার্ডের অজুহাতে এলাকার একটি পক্ষ আটকৃত মিজানকে কৌশলে পালিয়ে যেতে সহযোগিতা করে। পরে স্থানীয় কতিপয় লোকজন ক্ষিপ্ত হয়ে তানিয়াদের বাড়ি-ঘরে ঢিল ছোড়েঁ এবং নানা ধরনের অকথ্য ভাষায় গালমন্দ করে। এসব ঘটনায় মানসিকভাবে দূর্বল হয়ে লোক লজ্জার ভয়ে শনিবার বেলা সাড়ে এগারোটায় নিজ গৃহে গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করে তানিয়া।
এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান, তানিয়ার আত্মহত্যার ঘটনায় ভৈরব-কুলিয়ারচর সার্কেল অফিসার রেওয়ান দিপু ঘটনাস্থল পরির্দন করেছেন। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। এছাড়াও মামলার প্রধান আসামী মিজানসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।