ডেস্ক নিউজ::
এক যুবকের যৌন লালসার শিকার হয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী কন্যা শিশুর মা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই ওই স্কুলছাত্রী ও তার স্বজনরা অনাগত সন্তানের পিতার পরিচয়ের দাবিতে বিচার চেয়ে ঘুরেছে সবার দ্বারে দ্বারে। কিন্তু বিচারতো দূরের কথা উল্টো তাদের ওপর চলে নানা ধরনের মানসিক ও সামাজিক অত্যাচার। তাই জন্মের পর বিচার না পাওয়ার দুঃখে ও ক্ষোভে শিশুটির নাম রেখেছে ‘অত্যাচার’।
গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার গিলারচালা গ্রামে ঘটনাটি ঘটেছে। ওই স্কুলছাত্রী ওপর এমনভাবে অত্যাচার করেছে যে প্রথমবার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে সন্তান জন্ম দেওয়ার পর, আবারও ধর্ষণের শিকার হয় সে। শুধু তাই নয়, স্কুলছাত্রীকে ধর্ষণের পাশাপাশি তার শিশু সন্তানের ওপরও করা হয়েছে শারীরিক নির্যাতন।
৭ মে, মঙ্গলবার নির্যাতনের শিকার স্কুলছাত্রী ও তার শিশু সন্তান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা জানায়, পৌর এলাকার গিলারচালা গ্রামের হাজী আব্দুল মান্নানের বাড়িতে তারা সপরিবারে ভাড়া থাকতেন। ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
গত বছর বাড়ির মালিকের ছেলে জহিরুল ইসলাম ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হলে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় জহিরুলকে অভিযুক্ত করে গত বছরের ২৩ সেপ্টেম্বর একটি মামলা করেন।
পরে গ্রেফতার করা হয় জহিরুলকে। ডিসেম্বরে ওই ছাত্রী কন্যা সন্তানের জন্ম দেয়। পরে জেল থেকে বের হয়ে আসে জহিরুল। সামাজিকভাবে অনেকটা কোণঠাসা হয়ে থাকা এই পরিবারের অসহায়ত্বকে কেন্দ্র করে আবারও শুরু হয় নানা ধরনের নির্যাতন। এবার মামলা প্রত্যাহারের চাপ, সঙ্গে আসামিদের হয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জিলান উদ্দিন দুলালের আপসের প্রস্তাব। কিন্তু সব কিছু নাকচ করে স্কুলছাত্রী যখন তার সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে অনড় তখন নেমে আসে আবার অত্যাচার।
এ নিয়ে ছাত্রীর বাবা জানান, তাদের সামাজিক অবস্থান নেই। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার পাগলা থানায়। একটু সচ্ছল থাকার আশা নিয়ে শ্রীপুরে এসে কাজ নিয়েছিলেন। কিন্তু গত এক বছর ধরে তাদের ওপর যে ধরনের নির্যাতন হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। অনেকটা বাধ্য হয়েই প্রতিবাদস্বরূপ তারা শিশুটির নাম রাখেন ‘অত্যাচার’।
তিনি বলেন, বিচার পাই আর না পাই শিশুটির নামের মাধ্যমে আমরা অত্যাচারের কাহিনী শোনাতে চাই সবাইকে। সবাইকে বুঝাতে চাই গরিবের জন্য আইনের ভাষা অন্যরকম।
এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শেখ সাদি বলেন, ‘ধর্ষণের শিকার কিশোরীর (স্কুলছাত্রী) বাবা বাদী হয়ে প্রথমবার শ্রীপুর থানায় মামলা করেন। যাকে অভিযুক্ত করা হয়েছিল তার ডিএনএ টেস্ট করে অভিযোগের সত্যতা পাইনি। তবে দ্বিতীয়বার সেজান নামের একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। ইতোমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। সেজান নেত্রকোনা সদর উপজেলার গাজার কান্দি গ্রামে হাবুলের ছেলে। সে মান্নান হাজির বাড়ির ভাড়াটিয়া। সেজানেরও ডিএনএ টেস্ট করার প্রক্রিয়া চলছে বলে জানান পরিদর্শক (তদন্ত) শেখ সাদি।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মইনুল হক খান বলেন, ‘মঙ্গলবার কিশোরী ও তার শিশু সন্তানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে রাতেই বাড়ি ফিরে যায় তারা।’