কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে খুন হওয়া জরিপকারি (সার্ভেয়ার) আঃ মালেক (৭৫) হত্যা মামলার আরেক আসামি ছোটন মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত গভীর রাতে পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার জালালপুর এলাকা থেকে ছোটন মিয়াকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানা পুলিশ। গ্রেফতার হওয়া ছোটন উপজেলার হোসেন্দী ইউনিয়নের পূর্ব কুমারপুর গ্রামের মৃত আইজ উদ্দীনের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, প্রায় এক সপ্তাহ ধরে পলাতক থাকা এজাহারভুক্ত আসামি ছোটনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আব্দুল মালেক হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি। এ হত্যাকান্ডে জড়িত অভিযোগে এখন পর্যন্ত মোট চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব কুমারপুর গ্রামের আঃ মালেকের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল পাশের বাড়ির আজিজুল হকের। এ নিয়ে ৪ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টার দিকে গ্রামীণ শালিস দরবার বসে। সেখানে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে গেলে আঃ মালেককে দা দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। আহতবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৯ টার দিকে তিনি মারা যান। ঘটনার একদিন পর আঃ মালেকের ছেলে রফিকুল ইসলাম পাকুন্দিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এছাড়াও মামলায় পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।