আওয়ামী লীগ আকাশছোঁয়া অহংকারে ভুগছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অহংকারের কারণে তাদের পতন অনিবার্য হয়ে উঠেছে। তারা নিজেদের ক্ষমতাকে নিশ্ছিদ্র নিরাপদ মনে করলেও বেহুলার বাসরঘরের দরজার ছিদ্রের কথা ভুলে গেছেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে শনিবার জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শনিবার সাড়ে ১০টায় জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীর অংশগ্রহণে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে মহিলা দলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন ও খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন।
মিছিলে জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নুরজাহান ইয়াসমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারহানা ইয়াসমিন আতিকা, মহিলা দল নেত্রী মুকুল আক্তার অনা, শাহজাদী কহিনুর পাঁপড়ী, এলিজা মুন্নী, শাহিদা মির্জা, মুনমুন আক্তার, নীলুফার ইয়াসমিন, শিল্পী রেজা, রুমা আক্তার, আজমেরী আজিম, তানজীম ইসলাম লিলি, মম আক্তার, মাসুদা খান লতা, নাজিয়া হক রুনা, রুখসানা মির্জা প্রমুখ নেতাকর্মী অংশ নেন।