ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর ভিপি নুরুল হক নুরকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে বগুড়া ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। রবিবার বিকেলে, বগুড়া শহরের সরকারি গণগ্রন্থাগারের সামনে এই হামলার ঘটনা ঘটে। নুরু গণগ্রন্থাগারে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বগুড়া জেলা শাখার ইফতার মাহফিলে যোগ দিতে এসেছিলেন।
কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বগুড়ার আহ্বায়ক রাকিবুল আহসান অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে।’ এতে নুরসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানান রাকিবুল আহসান।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান জানান, ‘আয়োজনে নিরপত্তা চেয়ে কোন লিখিত আবেদন না করায় এবং ভিপি নুরের বগুড়ায় কর্মসূচি সম্পর্কে পুলিশকে অবহিত না করায় তারা ঘটনার সময় উপস্থিত থাকতে পারেন নি। তবে, বিষয়টি জানার পর পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়।